অবসরের সিদ্ধান্ত কি ভুল ছিল? বিরাটের বিধ্বংসী ইনিংসে কাঁপছে আইপিএল

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই স্বমহিমায় ধরা দিলেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের ২০১ রানের পাহাড় মাত্র ১৬ ওভারে টপকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সৌজন্যে বিরাটের অপরাজিত ৩৮ বলে ৬৯ রানের এক টর্নেডো ইনিংস। ৫টি চার ও ৫টি ছক্কায় সাজানো এই ইনিংস দেখে ফের উত্তাল ক্রিকেট মহল।
বিরাটের এমন ফিটনেস আর ফর্ম দেখে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু। চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির লফটেড স্ট্রেট ড্রাইভ আর কব্জির মোচড়ে মারা ছক্কা দেখে মুগ্ধ ইয়ান বিশপও। রায়ডুর দাবি, বিরাটের মধ্যে এখনো ৫-৬ বছরের ক্রিকেট বাকি আছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে হারের পর লাল বলের ক্রিকেটকে বিদায় জানানো বিরাটের কি তবে টেস্টে ফেরা উচিত? রায়ডু তো সাফ জানালেন, কোহলিকে শুধু ব্যাটার নয়, অধিনায়ক হিসেবেই টেস্ট দলে ফিরে আসা দরকার।
১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার আগেই বিরাটের টেস্ট অবসর মেনে নিতে পারছেন না অনুরাগীরাও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি-র হয়ে এদিনের দাপুটে পারফরম্যান্স সেই জল্পনাকেই নতুন করে উসকে দিল। বিরাটের ব্যাটে ভর করে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে দারুণ শুরু করল বেঙ্গালুরু।