আইপিএলে বিসিসিআইয়ের কড়া ফতোয়া! নিয়ম ভাঙলেই বড় শাস্তির মুখে তারকারা

নিজস্ব গাড়ি নয়, যেতে হবে টিম বাসেই। পরিবারের সঙ্গে থাকাতেও এল কঠোর বিধিনিষেধ। আইপিএল চলাকালীন ক্রিকেটারদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম জারি করল বোর্ড। এখন থেকে নিজের শহরে খেলা থাকলেও ব্যবহার করা যাবে না ব্যক্তিগত গাড়ি। এমনকি অনুশীলনের সময় মাঠে বা ড্রেসিংরুমে ঢুকতে পারবেন না পরিবারের সদস্যরা।
নির্দেশিকা অনুযায়ী, ৪৫ দিনের কম সফরে পরিবারকে সাথে রাখা যাবে না। পাশাপাশি সঠিক জার্সি এবং কিট না পরলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে গুনতে হবে জরিমানা। এমনকি বিজ্ঞাপনী বোর্ডে বল দিয়ে আঘাত করা বা যত্রতত্র বসার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। পিচ ও আউটফিল্ড সুরক্ষিত রাখতে ম্যাচের দিন মূল মাঠে অনুশীলন পুরোপুরি বন্ধ করে দিল বোর্ড। কমলা ও গোলাপি টুপি জয়ীদের জন্য সবসময় ক্যাপ পরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বড় কোনো মহাতারকাও এই নিয়মের ঊর্ধ্বে নন বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই।