আইপিএল খেলতে গিয়েই কেরিয়ার শেষ, বিস্ফোরক দাবি প্রাক্তন ইংরেজ অধিনায়ক কেভিন পিটারসেনের

বিশ্বজুড়ে আইপিএলের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও, এই মেগা টুর্নামেন্টকে ঘিরেই নিজের কেরিয়ারের ‘ভরাডুবি’র কথা জানালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। তাঁর অভিযোগ, আইপিএল খেলতে চাওয়ার কারণেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) রোষানলে পড়তে হয়েছিল তাঁকে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে একটি পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করে পিটারসেন দাবি করেছেন, বোর্ডের সঙ্গে এই সংঘাতের জেরেই ৩৩ বছর বয়সেই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ইতি ঘটে।
ইংল্যান্ড ক্রিকেটের এই বিতর্কিত তারকা জানান, অন্তত ১৫০ থেকে ১৬০টি টেস্ট খেলার ক্ষমতা ছিল তাঁর, কিন্তু পরিস্থিতির চাপে মাত্র ১০৪ টেস্টেই থমকে যেতে হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, যদি ক্রিকেট বোর্ড বাধা না দিত তবে ১৩ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করা তাঁর পক্ষে আসাম্ভব ছিল না। ২০০৮ সালে ইসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দেয়নি। পরবর্তী বছর মাত্র তিন সপ্তাহের জন্য অনুমতি মিললেও পিটারসেন আরও বেশি সময় আইপিএলে থাকতে চেয়েছিলেন। আরসিবি-তে যোগ দেওয়ার সময় থেকেই এই নিয়ে বোর্ডের সঙ্গে তাঁর সংঘাত চরমে পৌঁছায়।
পিটারসেনের আরও অভিযোগ, সেই সময়ে তাঁর জীবন অতিষ্ঠ করে তুলতে ইসিবি সংবাদমাধ্যমকেও প্রভাবিত করেছিল। তবে নিজের এই ‘আত্মত্যাগ’ বৃথা যায়নি বলেই মনে করেন প্রাক্তন এই অধিনায়ক। তাঁর মতে, সেই সময়ের প্রতিবাদের কারণেই আজকের প্রজন্মের জস বাটলার, বেন স্টোকস বা স্যাম কারানরা জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন। উল্লেখ্য, আরসিবির পাশাপাশি দিল্লি ও হায়দরাবাদ দলেও খেলেছেন তিনি। কেরিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় এভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া নিয়ে তাঁর এই মন্তব্য বর্তমানে ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।