আইপিএল ২০২৬: রেকর্ড ৩১ হাজার কোটিতে দুই ফ্র্যাঞ্চাইজি হস্তান্তর, লাভবান বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এক নজিরবিহীন মালিকানা বদলের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালস—এই দুই ফ্র্যাঞ্চাইজি সম্মিলিতভাবে প্রায় ৩১ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে। কাল সোমানির নেতৃত্বাধীন গোষ্ঠী প্রায় ১৫,৩০০ কোটি টাকায় রাজস্থান রয়্যালস এবং আদিত্য বিড়লা গ্রুপ, ডেভিড ব্লিটজার ও ব্ল্যাকস্টোনের কনসোর্টিয়াম প্রায় ১৬ হাজার কোটি টাকায় আরসিবি-র মালিকানা গ্রহণ করেছে। বর্তমানে আরসিবি আইপিএলের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করল।
এই বিশাল অঙ্কের লেনদেনের ফলে বড় ধরনের আর্থিক লাভের মুখ দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি হস্তান্তরের ক্ষেত্রে ৫ শতাংশ ট্রান্সফার ফি বোর্ডকে দিতে হয়। এই নিয়মে রাজস্থান রয়্যালস থেকে ১,৫৫০ কোটি এবং আরসিবি থেকে ১,৫৮৩ কোটি টাকা অর্থাৎ মোট ৩,১০০ কোটি টাকার বেশি বিসিসিআই-এর কোষাগারে জমা হতে চলেছে। কোনো দল পরিচালনা না করেই শুধুমাত্র নিয়ম মেনেই এই বিপুল অর্থ পাচ্ছে বোর্ড।
বিশেষজ্ঞদের মতে, এই মেগা ডিল প্রমাণ করে যে আইপিএল এখন কেবল খেলা নয়, বরং একটি বিশ্বমানের লাভজনক ব্যবসায়িক মডেলে পরিণত হয়েছে। সম্প্রচার স্বত্ব ও বিশ্বব্যাপী ফ্যানবেসের কারণে লিগের বাজারদর এখন গগনচুম্বী। বিসিসিআই-এর এই আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, বিপুল বিনিয়োগের পর নতুন মালিকানায় ফ্র্যাঞ্চাইজি দুটি মাঠের লড়াইয়ে কতটা সাফল্য পায়।