ইডেনে ওয়েস্ট ইন্ডিজ বধের মহাহিসাব, অভিষেকের ব্যাটিংয়ে কেন অবাক হলেন সানি গাভাসকর

ইডেনে ওয়েস্ট ইন্ডিজ বধের মহাহিসাব, অভিষেকের ব্যাটিংয়ে কেন অবাক হলেন সানি গাভাসকর

রবিবার নন্দনকানন ইডেন গার্ডেন্সে নামছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমিফাইনালের লড়াইয়ে। হাইভোল্টেজ এই ম্যাচের আগে ক্যারিবিয়ানদের রুখতে ভারতীয় দলকে বিশেষ সতর্কবার্তা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর।

চেন্নাইয়ে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকলেও উইন্ডিজ চ্যালেঞ্জ যে একেবারেই আলাদা, তা মনে করিয়ে দিয়েছেন সানি। জিওস্টারের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ দল ছোটখাটো ভুল পেলেই প্রতিপক্ষকে আঘাত করতে ওস্তাদ। বিশেষ করে তাদের ব্যাটাররা প্রথম বল থেকেই মারমুখী মেজাজে থাকেন। গাভাসকরের রসিকতা, ক্যারিবিয়ানদের কাছে বলকে সম্মান জানানোর একটাই অর্থ হলো সেটিকে গ্যালারিতে পাঠানো। তাই ভারতের বোলিং বিভাগকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নামার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে ফর্মে ফেরা তরুণ ব্যাটার অভিষেক শর্মাকে নিয়ে দরাজ সার্টিফিকেট দিয়েছেন প্রাক্তন এই অধিনায়ক। পেটের সমস্যার পর টানা তিন ম্যাচে শূন্য হাতে ফেরার ধাক্কা কাটিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন অভিষেক। তবে এই ইনিংসে অভিষেকের একটি রক্ষণাত্মক শট দেখে রীতিমতো অবাক হয়েছেন গাভাসকর। তিনি জানান, সাধারণত মারকুটে মেজাজে খেলা অভিষেককে এভাবে বল ‘ডিফেন্ড’ করতে দেখা যায় না। সানির মতে, এই সময়টাই অভিষেকের জন্য বড় শিক্ষার সময়। অফ স্পিনারকে সম্মান দিয়ে যেভাবে তিনি ধৈর্য দেখিয়েছেন, তা আগামী দিনে ইডেনের পিচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বড় অস্ত্র হতে পারে।

পাশাপাশি সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে খেলানোর সিদ্ধান্তকেও পূর্ণ সমর্থন জানিয়েছেন গাভাসকর। তিনি মনে করেন, টপ অর্ডারে ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশন ভারতের জন্য অপরিহার্য ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিপর্যয়ের পর দল যে সঠিক শিক্ষা নিয়েছে, স্যামসনের আগ্রাসী মেজাজে ব্যাটিং তারই প্রমাণ। এখন দেখার, রবিবাসরীয় ইডেনে গাভাসকরের এই টোটকা কাজে লাগিয়ে ভারত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *