ইডেন গার্ডেন্সে রোহিত-বিরাটের হাইভোল্টেজ ওডিআই: বিসিসিআই-এর নতুন সূচি ঘোষণা

বিসিসিআই ২০২৬-২৭ মরসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে, যেখানে কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে বড় চমক। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি ইডেন গার্ডেন্সে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত। দুপুর ২টো থেকে শুরু হতে চলা এই ম্যাচটি রবিবারের ছুটির মেজাজে দর্শকদের বাড়তি উন্মাদনা জোগাবে বলে আশা করা হচ্ছে।
কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে সম্ভবত শেষবারের মতো ইডেনের মাঠে ওডিআই ফরম্যাটে খেলতে দেখার সুযোগ পাবেন বাংলার দর্শকরা। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের পরেই এই দুই মহাতারকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বলে জল্পনা রয়েছে। সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপে তাঁরা ইডেনে না থাকলেও, আসন্ন এই সিরিজ ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব শুরু হয়েছে।
ভারত-জিম্বাবোয়ে সিরিজের পরবর্তী ম্যাচগুলো দেশের অন্যান্য প্রান্তে আয়োজিত হবে। ৬ জানুয়ারি হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় ওডিআই এবং ৯ জানুয়ারি মুম্বইয়ে তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই দুপুর ২টো থেকে শুরু হবে। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে টিম ইন্ডিয়ার কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।