জন্টি রোডসকে সরিয়ে লখনউ সুপার জায়ান্টসের নতুন ফিল্ডিং কোচ অভয় শর্মা

বিগত মরশুমগুলোতে ফিল্ডিংয়ে ধারাবাহিক ব্যর্থতার জেরে কিংবদন্তি জন্টি রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব সামলালেও রোডসের অধীনে দলের ফিল্ডিংয়ের মান ছিল হতাশাজনক। গত মরশুমের প্রথম নয়টি ম্যাচেই ১৪টি ক্যাচ এবং ২২টি রান আউটের সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। আসন্ন মরশুমে জয়ের লক্ষ্যে ফিল্ডিং বিভাগে বড়সড় রদবদল আনল সঞ্জীব গোয়েঙ্কার দল।
দিল্লির প্রাক্তন ক্রিকেটার অভয় শর্মাকে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করেছে এলএসজি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতের যুব দল এবং মহিলা দলের সঙ্গে কাজ করার পাশাপাশি তাঁর প্রশিক্ষণে উগান্ডা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল। বর্তমান অধিনায়ক ঋষভ পন্থসহ শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালদের মতো তরুণ তুর্কিদের কেরিয়ারের শুরুর দিকে মেন্টর হিসেবে বড় ভূমিকা পালন করেছেন তিনি।
আগামী আইপিএলে ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে ফিরতে মরিয়া লখনউ। সাপোর্ট স্টাফে রদবদলের অংশ হিসেবে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার পদে কেন উইলিয়ামসন এবং গ্লোবাল ডিরেক্টর পদে টম মুডিকে আনা হয়েছে। দলের এই নতুন পরিকাঠামোয় অভয় শর্মার কোচিংয়ে ফিল্ডিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব কি না, এখন সেটাই দেখার। জুনিয়র স্তরে তারকা ক্রিকেটারদের সঙ্গে তাঁর সফল কাজের অভিজ্ঞতা লখনউ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।