দিল্লির মাঠে জয়ের হ্যাটট্রিক কার? মহাযুদ্ধে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস

চলতি আইপিএল ২০২৬-এর প্রথম ‘ডাবল হেডার’-এ আজ মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটে থেকে শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। লখনউকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দিল্লি এবং কলকাতাকে হারিয়ে দীর্ঘ খরা কাটানো মুম্বই—উভয় দলই জয়ের ধারা বজায় রাখতে মরিয়া।
মুম্বইয়ের হয়ে গত ম্যাচে রোহিত শর্মা ও রায়ান রিকলটনের বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপ কেকেআর-এর ২২০ রান টপকাতে সাহায্য করেছিল। অন্যদিকে, দিল্লির জয়ের নায়ক ছিলেন সমীর রিজভি। আজ দুই দলের ব্যাটিং শক্তির লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই কি পারবে দিল্লির ঘরের মাঠে আধিপত্য বজায় রাখতে, সেটাই এখন বড় প্রশ্ন।
ব্যক্তিগত রেকর্ডের সামনে দাঁড়িয়ে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও। আজ আর মাত্র চারটি বাউন্ডারি মারলেই আইপিএল ইতিহাসে ৬৫০টি চারের মাইলফলক স্পর্শ করবেন তিনি। বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ ব্যাটার হিসেবে এই বিরল কৃতিত্বের মালিক হওয়ার সুযোগ রয়েছে হিটম্যানের সামনে। সামগ্রিকভাবে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় আইপিএল ভক্তরা।