নিউজিল্যান্ডের বড় জয়ে সেমিফাইনালের পথে কিউয়িরা, খাদের কিনারে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে মজবুত অবস্থানে পৌঁছে গেল নিউজিল্যান্ড। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে কিউয়িরা। স্যান্টনার ও ম্যাকঞ্চির অনবদ্য জুটির পর রান তাড়া করতে নেমে রাচিন রবীন্দ্রর স্পিন জাদুতে কুপোকাত হয় লঙ্কান বাহিনী। মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস, যার ফলে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হলো।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট এবং +৩.০৫০ নেট রান রেট নিয়ে টেবিলের সুবিধাজনক স্থানে ব্ল্যাক ক্যাপসরা। অন্যদিকে, ইংল্যান্ড ইতিমধ্যে ৪ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করায় পাকিস্তান এখন খাদের কিনারে। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের ভাগ্য এখন নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পরবর্তী ম্যাচের ফলাফলের ওপর নির্ভরশীল। নেট রান রেটে পিছিয়ে থাকায় সলমান আলির দলের জন্য সেমিফাইনালের সমীকরণ অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে।
নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে সরাসরি সেমিফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান জয় পেলেও রান রেটের বিশাল ব্যবধান টপকানো প্রায় আসাম্ভব হয়ে পড়বে। পাক সমর্থকদের এখন প্রার্থনা করতে হবে যেন কিউয়িরা তাদের শেষ ম্যাচে পরাজিত হয়। কিউয়িদের এই দাপুটে জয় বিশ্বমঞ্চে বাবর-রিজওয়ানদের উত্তরসূরিদের বিদায় ঘণ্টা কার্যত বাজিয়ে দিল।