বড় শাস্তির মুখে ফখর জমান! বল বিকৃতির দায়ে পিএসএল থেকে বহিষ্কৃত পাক তারকা

পিএসএলে বল বিকৃতির দায়ে কড়া শাস্তির মুখে পড়লেন লাহোর কালান্দার্সের তারকা ব্যাটার ফখর জমান। করাচি কিংসের বিরুদ্ধে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের শেষ ওভারে শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফের সঙ্গে আলোচনার সময় বলের আকার পরিবর্তনের চেষ্টা করেন ফখর। আম্পায়ারের নজরে আসতেই করাচিকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং বল বদলে ফেলা হয়। নাটকীয় সেই ম্যাচে শেষ পর্যন্ত করাচি কিংস জয়ী হলেও বিপাকে পড়েন ফখর।
পিসিবির ২.১৪ ধারা ভাঙার দায়ে ম্যাচ রেফারি রোশান মহানামা এই নিষেধাজ্ঞা জারি করেন। ফখর অভিযোগ অস্বীকার করে শুনানির দাবি জানালেও রায় অপরিবর্তিত থাকে। ফলে ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না এই বাঁহাতি ব্যাটার। তার পরিবর্তে লাহোর একাদশে তৈয়ব তাহিরের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। একের পর এক বিতর্কে জর্জরিত পিএসএলে এই ঘটনা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।