ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজের ইঙ্গিত, আয়ারল্যান্ড সফর বাতিল করল বিসিবি

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রস্তাবিত সীমিত ওভারের ক্রিকেট সিরিজ বাতিল করল বাংলাদেশ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে আইরিশদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা আর থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসটি ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য সংরক্ষিত রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বিকল্প সময়ে খেলতে রাজি না হওয়ায় আপাতত সিরিজটি স্থগিত রাখা হয়েছে।
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে নতুন সমীকরণের আভাস মিলছে। গত বছর বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে ভারতীয় দলের সফর বাতিল হয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে ক্রিকেটীয় মৈত্রী পুনরুদ্ধারে সুর নরম করেছে বিসিবি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বর্তমানে র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা বাংলাদেশের কাছে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেপ্টেম্বরের এই সম্ভাব্য সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এর আগে নিরাপত্তার অজুহাতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করেছিল তৎকালীন প্রশাসন। তবে বর্তমান পরিস্থিতিতে বিসিবি ভারতের বিরুদ্ধে খেলতে মরিয়া হয়ে ওঠায় আয়ারল্যান্ড সিরিজ বাতিলকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন ভারত সরকার তাদের ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠানোর অনুমতি দেয় কি না, তার ওপরই ঝুলে রয়েছে এই হাই-ভোল্টেজ সিরিজের ভবিষ্যৎ।