মুখ্যমন্ত্রীকে ‘রানি’ বলে কটাক্ষ করে বিপাকে পাক পেসার, ৬৮ লক্ষ টাকা জরিমানা গুনলেন নাসিম শাহ

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করাই কাল হলো পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহের। পিসিবির কড়া পদক্ষেপের মুখে পড়ে রেকর্ড পরিমাণ জরিমানার মুখে পড়লেন তিনি। ২০ মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির হস্তক্ষেপে বড়সড় নির্বাসন থেকে রক্ষা পেয়েছেন নাসিম। প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলির দাবি, কেরিয়ারে অন্তত দু’বছরের নিষেধাজ্ঞা নেমে আসতে পারত তাঁর ওপর, তবে শেষ মুহূর্তে নকভির সৌজন্যেই বেঁচে গিয়েছেন এই তরুণ পেসার।
অন্যদিকে শৃঙ্খলার গেরোয় ফেঁসেছেন শাহিন শাহ আফ্রিদিও। হোটেল রুমে বাইরের লোক ঢোকানোর অভিযোগে ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। করাচি কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে নিয়ম ভেঙে চারজন অতিথিকে নিজেদের সঙ্গে নিয়ে টিম হোটেলে ঢোকেন শাহিন ও সিকান্দার রাজা। নিরাপত্তা কর্মীদের বাধা উপেক্ষা করার অভিযোগে লাহোর কালান্দার্স এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। ম্যাচ গড়াপেটা রুখতে ক্রিকেটারদের গতিবিধির ওপর যে কড়া নজরদারি রাখা হয়, শাহিনের এই আচরণ সেই সুরক্ষাকবচকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। নাসিম ও শাহিনের এই জোড়া শাস্তিতে পাকিস্তান ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।