মেক্সিকোর পডকাস্টে বিস্ফোরক লিওনেল মেসি, কেন নিজেকে ‘বোকা’ আর ‘অজ্ঞ’ বললেন

মেক্সিকোর পডকাস্টে বিস্ফোরক লিওনেল মেসি, কেন নিজেকে ‘বোকা’ আর ‘অজ্ঞ’ বললেন

সব পেয়েও এক বিরাট আক্ষেপে পুড়ছেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। ফুটবল মাঠে বাঁ পায়ের জাদুতে বিশ্বকে সম্মোহিত করলেও, মাঠের বাইরের এক খামতি এখন তাঁকে কুরে কুরে খাচ্ছে। মেক্সিকোর একটি পডকাস্টে নিজের মনের গোপন যন্ত্রণার কথা ভাগ করে নিয়েছেন আর্জেন্তাইন মহাতারকা।

মেসি জানিয়েছেন, সারা বিশ্ব তাঁর পায়ের তলায় থাকলেও একটি বিশেষ কারণে তিনি নিজেকে ভীষণ ‘অজ্ঞ’ মনে করেন। আর সেই কারণটি হলো ইংরেজি ভাষা শিখতে না পারা। এলএমটেনের আক্ষেপ, তাঁর কাছে যথেষ্ট সময় ছিল এই ভাষাটি রপ্ত করার, কিন্তু তিনি তা অবহেলা করেছেন। এখন যখন বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর মোলাকাত হয়, তখন কথা বলতে না পেরে নিজেকে বড্ড ‘বোকা’ মনে হয় তাঁর।

নিজের ছোটবেলার দিনগুলোর কথা স্মরণ করে মেসি বলেন, আর্জেন্তিনায় উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার পরেই তাঁর সব ধ্যানজ্ঞান ফুটবল হয়ে গিয়েছিল। মাত্র ১৩ বছর বয়সে রোজারিও থেকে স্পেনে পাড়ি দিয়েছিলেন তিনি। ফুটবলার হিসেবে আকাশছোঁয়া সাফল্য পেলেও পড়াশোনা আর নতুন ভাষা শেখার গুরুত্ব তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

নিজের সন্তানদেরও এখন এই একই শিক্ষা দিচ্ছেন মেসি। তিনি চান না তাঁর সন্তানরা সময়ের অপচয় করুক। তিনি সাফ জানিয়েছেন, “ওদের বলি সুযোগ কাজে লাগাও, নিজেকে প্রস্তুত করো। আমি ওদের কোনো অভাব রাখিনি, কিন্তু সঠিক শিক্ষা অর্জন করাটা সবচেয়ে জরুরি।” আপাতত ব্যক্তিগত জীবনের এই আক্ষেপ সরিয়ে রেখে মেসির লক্ষ্য আগামী ১১ জুন থেকে শুরু হতে চলা বিশ্বকাপ। গতবারের ট্রফি ধরে রাখতেই এখন মরিয়া আর্জেন্তাইন অধিনায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *