লর্ডসের মাঠে বিরল হ্যাটট্রিক যা সচিন কোহলি বা গাভাস্কারও করতে পারেননি, কেবল এই ভারতীয়র দখলে সেই রেকর্ড

লর্ডসের মাঠে বিরল হ্যাটট্রিক যা সচিন কোহলি বা গাভাস্কারও করতে পারেননি, কেবল এই ভারতীয়র দখলে সেই রেকর্ড

ক্রিকেট বিশ্বে এমন এক অনন্য রেকর্ড রয়েছে যা ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলির ঝুলিতেও নেই। এই অসাধ্য সাধন করেছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। ক্রিকেট মক্কা হিসেবে পরিচিত লন্ডনের লর্ডস স্টেডিয়ামে টানা তিনটি সেঞ্চুরি করার এক অবিশ্বাস্য কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। লর্ডসের মাটিতে টানা তিনটি শতরান করা তিনি প্রথম অ-ইংরেজ এবং একমাত্র ভারতীয় ব্যাটার।

১৯৫৬ সালের ৬ এপ্রিল মহারাষ্ট্রে জন্ম নেওয়া এই ক্রিকেটারের ডাকনাম ‘কার্নেল’। মাত্র ১৯ বছর বয়সে ইরানি ট্রফিতে শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছিলেন তিনি। সেই সময় রেডিও কমেন্ট্রিতে তাঁর খেলার ধরণ দেখে কিংবদন্তি লালা অমরনাথ তাঁকে সি.কে নাইডুর সঙ্গে তুলনা করেন। এরপরই ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের সুবাদে ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক ঘটে তাঁর।

লর্ডসের মাঠে বেঙ্গসরকারের রেকর্ড আজও বিস্ময়কর। সেখানে খেলা মাত্র ৪টি টেস্টে ৭২ গড়ে তিনি ৫০৮ রান করেছেন। বিদেশের মাটিতে তাঁর ব্যাটিং দক্ষতা ছিল প্রবাদপ্রতিম। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ভয়ংকর পেস আক্রমণের বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ১১৬টি টেস্ট ম্যাচে ৪২ গড়ে ৬,৮৬৮ রান করেছেন তিনি, যার মধ্যে ১৭টি শতরান ও ৩৫টি অর্ধশতরান রয়েছে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও বেঙ্গসরকার ছিলেন সমান উজ্জ্বল। ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে ম্যালকম মার্শালের বাউন্সারে চোট পেয়ে তাঁর চোয়াল ভেঙে যাওয়ায় টুর্নামেন্টের সব ম্যাচে মাঠে নামা সম্ভব হয়নি। ১২৯টি ওয়ানডে ম্যাচে তিনি ৩,৫০৮ রান সংগ্রহ করেন এবং কপিল দেবের উত্তরসূরি হিসেবে দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন।

ক্রিকেট মাঠে অনন্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁকে সম্মানজনক ‘কার্নেল নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারেও পুরস্কৃত করা হয়েছে। আজ দিলীপ বেঙ্গসরকারের জন্মদিন। লর্ডসের সেই ঐতিহাসিক রেকর্ড আজও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে টিকে আছে যা উত্তরসূরিদের জন্য এক বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *