১৮ বছর পর অপেক্ষার অবসান! আইপিএল ফাইনালের সেই রুদ্ধশ্বাস মুহূর্ত নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

গতবার আরসিবি-র চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে লুকিয়ে ছিল কোন অজানা ভয়? অবশেষে আসল সত্য জানালেন খোদ কিং কোহলি। ১৮ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনবার ফাইনালে হারের যন্ত্রণা সয়ে গতবার ট্রফি হাতে তুলেছিলেন তিনি। কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই রুদ্ধশ্বাস ফাইনালের শেষ তিন বল কেন বিরাটের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল?
সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি হাতড়ে বিরাট জানান, জশ হেজেলউড যখন শেষ ওভার করতে আসছিলেন, তখন থেকেই হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল তাঁর। দল জিতবে জানলেও অদ্ভুত এক উৎকণ্ঠা তাড়া করে বেড়াচ্ছিল তাঁকে। বিরাটের কথায়, সেই সময়টা ছিল এক বিশাল মানসিক লড়াইয়ের মতো। ১৮ বছরের খরা কাটানোর আগে শেষ ১০ মিনিটে তাঁর চোখের সামনে ভেসে উঠছিল পুরনো সব ব্যর্থতার স্মৃতি।
চ্যাম্পিয়ন হওয়ার ঠিক আগের মুহূর্তে কেন টুপিতে মুখ ঢেকে মাঠে হাঁটু গেড়ে বসে পড়েছিলেন তিনি? সেই আবেগঘন মুহূর্তের কথা বলতে গিয়ে বিরাট জানান, ওই ১০ মিনিটে তাঁর কেরিয়ারের সব চড়াই-উতরাই এক নিমেষে মনে পড়ে যাচ্ছিল। এবারও একই লক্ষ্য নিয়ে মাঠে নামছেন তিনি। সতীর্থদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, ট্রফি ধরে রাখতে গেলে দিতে হবে নিজেদের ১২০ শতাংশ।