২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: আমেদাবাদে জমকালো সমাপ্তি অনুষ্ঠান ও ভারত-নিউজিল্যান্ড মহারণ

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে, যার টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ঘরের মাঠে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অন্যদিকে, প্রথমবার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর কিউই বাহিনী।
ম্যাচের আগে দর্শকদের বিনোদনের জন্য আইসিসি এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে থাকছেন আন্তর্জাতিক পপ তারকা রিকি মার্টিন। এছাড়াও মঞ্চ মাতাবেন ফাল্গুনী পাঠক ও সুখবীর। স্টেডিয়ামের গেট দর্শকদের জন্য বিকেল সাড়ে ৩টে থেকেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতের সামনে এবার কিউই বাধা টপকানোর চ্যালেঞ্জ। যদিও আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়, তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ভারতই ফেভারিট। ক্রিকেট ও সঙ্গীতের এই অনন্য মেলবন্ধন উপভোগ করতে মুখিয়ে রয়েছেন কোটি কোটি ক্রিকেট প্রেমী। আমেদাবাদের এই মেগা ফাইনালে ইতিহাস গড়ার হাতছানি দুই দলের সামনেই।