৪ ম্যাচে ৪ বার শূন্য রান করে কি এবার টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ছেন অভিষেক শর্মা

৪ ম্যাচে ৪ বার শূন্য রান করে কি এবার টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ছেন অভিষেক শর্মা

টি-২০ বিশ্বকাপে বড়সড় ঝড়ের মুখে ভারতীয় দলের উদীয়মান তারকা অভিষেক শর্মা। টুর্নামেন্টের এক নম্বর ব্যাটার হিসেবে পা রাখলেও, গ্রুপ পর্বের চারটি ম্যাচে তার পারফরম্যান্স এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাত্র ১৫ রান আর চার ইনিংসে চারবারই খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরে যাওয়া— অভিষেকের এই ভয়াবহ অফ-ফর্ম দেখে রীতিমতো ক্ষুব্ধ ক্রিকেট মহল। এই পরিস্থিতিতে তাকে দল থেকে ছেঁটে ফেলার কড়া নিদান দিলেন প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।

বর্তমানে টিম ইন্ডিয়ার ওপেনিং পজিশন নিয়ে চিন্তার ভাঁজ অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের কপালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২০ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রচারের আলোয় এসেছিলেন অভিষেক। কিন্তু পরের ৬টি ইনিংসের মধ্যে ৪ বারই ‘ডাক’ মেরে তিনি এখন দলের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। বীরেন্দ্র সেহওয়াগের সাফ কথা, কেবল নামের ভারে নয়, বরং বর্তমান ফর্ম দেখেই চূড়ান্ত একাদশ বাছা উচিত।

সেহওয়াগ মনে করেন, অভিষেকের জায়গায় এবার সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়ার মোক্ষম সময় এসেছে। বীরু বলেন, “আমি যদি নির্বাচক হতাম, তবে অভিষেককে বিশ্রামে পাঠিয়ে সরাসরি সঞ্জু স্যামসনকে মাঠে নামাতাম। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটি ভারতের জন্য সেমিফাইনালের পথ প্রশস্ত করার লড়াই। এই মরণ-বাঁচন পরিস্থিতিতে কোনো ঝুঁকি নেওয়া সাজে না।”

শুধু অভিষেক নন, তিলক বর্মার অফ-ফর্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সেহওয়াগ। কোচ গম্ভীর ও অধিনায়ক সূর্যের উদ্দেশ্যে তার স্পষ্ট পরামর্শ, হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে, তাই দলের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। এখন দেখার বিষয়, সেহওয়াগের এই কড়া বার্তার পর জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কোনো বড় রদবদল ঘটে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *