৫১০৭ দিন পর প্রথম ম্যাচে জয়! বিরাটের বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করলেন রোহিত শর্মা
March 30, 202612:04 pm

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে এসেছিল মুম্বইয়ের কাছে। কেকেআরের ৪ উইকেটে ২২০ রানের বিশাল স্কোর দেখে অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন ইতিহাস বুঝি বদলাবে না। কিন্তু সব হিসেব ওলটপালট করে দিলেন রোহিত শর্মা ও রায়ান ডেভিড রিকেলটন। ১টি চার ও ৮টি ছক্কায় সাজানো রিকেলটনের ৪৩ বলে ৮১ রানের ইনিংস এবং রোহিতের ৩৮ বলে ৭৮ রানের সেই ক্লাসিক ‘হিটম্যান’ শো ম্যাচ ছিনিয়ে নেয় নাইটদের থেকে। ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এই জয়ের সাথেই আইপিএলের ইতিহাসে কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের নামে করলেন রোহিত শর্মা। কেকেআরের বিরুদ্ধে ১১৬১ রান করে তিনি টপকে গেলেন বিরাট কোহলির চেন্নাইয়ের বিরুদ্ধে করা ১১৬০ রানের রেকর্ডকে। প্রায় এক বছর টি-টোয়েন্টি থেকে দূরে থাকলেও রোহিত বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। ২০১২ সালের পর আইপিএলের প্রথম ম্যাচে জয় আর সেই সাথে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার নজির— সব মিলিয়ে রবিবাসরীয় রাতটা হয়ে থাকল শুধুই রোহিত শর্মার।