ইউরোপীয় ফুটবলের মডেলে বদলে যাচ্ছে আইএসএল! কল্যাণ চৌবের ২১ বছরের মেগা প্ল্যান ঘিরে তুঙ্গে জল্পনা
January 14, 20266:51 pm

লা লিগা ও প্রিমিয়ার লিগের ধাঁচে দেশের ফুটবল কাঠামো ঢেলে সাজানোর ঘোষণা করলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। আগামী ২১ বছরের রোডম্যাপ তৈরি করে ইন্ডিয়ান সুপার লিগ ও আই-লিগ পরিচালনার জন্য বিশেষ গভর্নিং কাউন্সিল গড়া হচ্ছে। এই কাউন্সিলে ক্লাব প্রতিনিধি থেকে শুরু করে নিরপেক্ষ বিশেষজ্ঞরা থাকবেন, যারা লিগের নীতি নির্ধারণ ও বাণিজ্যিক উন্নতির বিষয়টি দেখভাল করবেন।
দীর্ঘমেয়াদী এই পরিকল্পনায় এআইএফএফ সচিবের অধীনে একটি ম্যানেজমেন্ট কমিটিও থাকবে, যারা লিগের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করবে। জাতীয় লিগ শুরুর তিন দশক পরও ভারতীয় ফুটবলের উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় নতুন এই কাঠামো নিয়ে ফুটবল মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার, ইউরোপীয় ধাঁচের এই প্রশাসনিক সংস্কার দেশের ফুটবলের চালচিত্র আদেও বদলাতে পারে কি না।