বিসিবিতে চরম নাটক: তামিমকে ‘ভারতের দালাল’ বলায় ধর্মঘটের ডাক ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেটে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেওয়ায় এবং বিশ্বকাপের গুরুত্ব নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ফুঁসে উঠেছেন ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ কোনো ধরনের ক্রিকেটেই অংশ নেবেন না খেলোয়াড়রা। ফলে আজ নির্ধারিত বিপিএল ম্যাচগুলো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে নাজমুলের মন্তব্য থেকে দায় এড়িয়েছে বিসিবি। বোর্ড এক বিবৃতিতে পরিচালকের মন্তব্যকে ‘আসাম্মানজনক’ ও ‘বোর্ডের আদর্শ পরিপন্থী’ হিসেবে অভিহিত করেছে। তবে ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় থাকায় দেশের ক্রিকেট বড় ধরনের সংকটে পড়েছে। বিশ্বকাপ বর্জন এবং অভ্যন্তরীণ এই কোন্দল সামাল দিতে বিসিবি এখন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের ক্রীড়ামহল।