বিসিবির নতিস্বীকার: অপসারিত নাজমুল ইসলাম, খেলায় ফিরছেন ক্রিকেটাররা
January 16, 20268:52 am

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কড়া আল্টিমেটামের মুখে নতিস্বীকার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। সভাপতির বিশেষ ক্ষমতাবলে নেওয়া এই সিদ্ধান্তে আপাতত বিসিবি প্রধান নিজেই কমিটির ভারপ্রাপ্ত দায়িত্ব সামলাবেন। ফলে বিপিএল বর্জনের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে।
এর আগে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের উপস্থিতিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন। নাজমুলের বিতর্কিত মন্তব্য ও ক্রিকেটারদের অপমানের প্রতিবাদে সরব হয়েছিলেন মহম্মদ মিঠুনরা। বিসিবির এই দ্রুত পদক্ষেপের ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে চলা অচলাবস্থা কাটবে বলে আশা করা হচ্ছে। ক্রিকেটারদের স্বার্থ রক্ষাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বোর্ড।