আমেরিকার জার্সিতেও ভারতীয় সুর! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের জয়জয়কার

চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ভারত বনাম আমেরিকা ম্যাচে মার্কিন জার্সি গায়ে খেলা ক্রিকেটারদের অধিকাংশেরই শিকড় ভারত বা দক্ষিণ এশিয়ায়। উদ্বোধনী ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত বাজার সময় গ্যালারিতে মার্কিন পতাকা হাতে থাকা দর্শকদের বড় অংশকেও গলা মেলাতে দেখা যায়। টুর্নামেন্টের প্রতি তিন জন ক্রিকেটারের মধ্যে এক জনেরই যোগসূত্র রয়েছে এই অঞ্চলে, যা বিশ্ব ক্রিকেটে দক্ষিণ এশীয় সংস্কৃতির আধিপত্যের প্রতিফলন।
পরিসংখ্যান অনুযায়ী, ২৪০ জন প্রতিযোগীর মধ্যে ৩২ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দলে খেলছেন যারা বংশগতভাবে দক্ষিণ এশীয়। কেরালা বংশোদ্ভূত অজি তারকা জন জেমস থেকে শুরু করে কিউয়ি অলরাউন্ডার স্নেহিথ রেড্ডি—সবাই নিজ নিজ দেশের প্রতি অনুগত থেকেও পারিবারিক ঐতিহ্য ও সংস্কৃতি লালন করছেন। বিশেষজ্ঞদের মতে, বর্ণবৈষম্য কাটিয়ে এই পরিবর্তন প্রমাণ করে যে ক্রিকেট এখন আর নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, বরং এটি এক বিশ্বজনীন মেলবন্ধনে পরিণত হয়েছে।