সঞ্জীব গোয়েঙ্কার দলে বড় চমক: এবার ইংল্যান্ডের মাঠে দাপট দেখাবেন স্মৃতি মান্ধানা!

চলমান উইমেন্স প্রিমিয়ার লিগের মাঝেই বড় খবর দিলেন স্মৃতি মান্ধানা। কলকাতার প্রথিতযশা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন ‘ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস’ দলে নাম লেখালেন এই ভারতীয় ওপেনার। ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ‘দ্য হান্ড্রেড’-এর আগামী আসরে দলটির হয়ে মাঠে নামবেন তিনি। সম্প্রতি নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে কর্তৃপক্ষ। এর আগে টানা তিন বছর সাদার্ন ব্রেভসের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও এবার নতুন জার্সিতে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে।
মান্ধানার অন্তর্ভুক্তি ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের টপ অর্ডারকে আরও শক্তিশালী করল। দলে মেগ ল্যানিং ও সোফি একিলস্টনের মতো বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে স্মৃতির উপস্থিতি দলের অভিজ্ঞতার পাল্লা ভারী করবে। বর্তমানে ডব্লিউপিএল-এ দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া। বিশ্বকাপের বছরে ইংল্যান্ডের কন্ডিশনে স্মৃতির এই অংশগ্রহণ ভারতীয় দলের প্রস্তুতির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করছে।