ইতিহাস গড়লেন সিন্ধু: ইন্দোনেশিয়া মাস্টার্সে জয়ের সাথে সাথে ছুঁলেন ৫০০ জয়ের অবিশ্বাস্য মাইলফলক
January 22, 20268:19 pm
ব্যাডমিন্টন বিশ্বে নতুন ইতিহাস রচনা করলেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৫০০ টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের লিন হয়মার্ক কায়ার্সফেল্টকে ২১-১৯, ২১-১৮ সরাসরি গেমে পরাজিত করেন তিনি। মাত্র ৪৩ মিনিটের এই রুদ্ধশ্বাস জয়ের মাধ্যমে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করেছেন এই অলিম্পিয়ান।
এই জয়ের সঙ্গেই প্রথম ভারতীয় শাটলার এবং বিশ্বের ষষ্ঠ মহিলা খেলোয়াড় হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৫০০তম জয়ের অনন্য মাইলফলক স্পর্শ করলেন সিন্ধু। চোট কাটিয়ে ২০২৬ সালের শুরুতে এই রাজকীয় প্রত্যাবর্তন তাঁর অদম্য ধারাবাহিকতারই প্রমাণ। এখন হায়দরাবাদী এই শাটলারের মূল লক্ষ্য কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে খেতাব জয় করা এবং কোর্টে নিজের আধিপত্য পুনপ্রতিষ্ঠা করা।