রিচার অতিমানবীয় লড়াইয়েও হারল বেঙ্গালুরু, ডব্লিউপিএলে ইতিহাস গড়ে শতরান সিভার ব্র্যান্টের!

মুম্বই ইন্ডিয়ান্সের সিভার ব্র্যান্টের ঝোড়ো শতরানে ইতিহাস দেখল মহিলা আইপিএল। তাঁর ৫৭ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৯৯ রান তোলে মুম্বই। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে হারের মুখে দাঁড়িয়েও পালটা প্রতিরোধ গড়েন বাংলার রিচা ঘোষ। ১০টি চার ও ৬টি ছক্কায় সাজানো তাঁর ৫০ বলে ৯০ রানের লড়াকু ইনিংস ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে।
রিচার হার না মানা লড়াই সত্ত্বেও ৯ উইকেটে ১৮৪ রানে থামে স্মৃতি মন্ধানাদের ইনিংস। ১৫ রানে ম্যাচ জিতে নেয় মুম্বই। মুম্বইয়ের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন হেইলি ম্যাথিউ, যিনি ১০ রানে ৩ উইকেট তুলে নিয়ে আরসিবি-র জয়ের আশা শেষ করে দেন। টানা দ্বিতীয় ম্যাচে হারল বেঙ্গালুরু, তবে হারের দিনেও রিচার আগ্রাসী ব্যাটিং এবং সিভার ব্র্যান্টের ঐতিহাসিক শতরানই ম্যাচের মূল আকর্ষণ হয়ে থাকল।