ক্রিকেটে ঘোর অন্ধকার: বড়দের পর এবার বিশ্বমঞ্চ থেকে বিদায় নিল বাংলাদেশের ছোটরাও!

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গের পর এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও ছিটকে গেল বাংলাদেশ। সুপার সিক্সের মরণবাঁচন ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটের শোচনীয় পরাজয়ে টাইগারদের সেমিফাইনালে ওঠার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রথমে ব্যাট করে মাত্র ১৩৬ রানে অলআউট হওয়া আজিজুল হাকিমের দল ইংল্যান্ডের বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেনি। রিফাত বেগ ও আব্দুল্লা কিছুটা লড়াই করলেও দলের ইনিংস বড় করতে ব্যর্থ হন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক থমাস রিউর অপরাজিত ৫৯ রানের ইনিংসে ভর করে ২৪.১ ওভারেই জয় তুলে নেয় ইংল্যান্ড। সুপার সিক্সে ভারতের কাছে হার এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পণ্ড হওয়ার পর বাংলাদেশের ঝুলিতে ছিল মাত্র ১ পয়েন্ট। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো ২০২০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা।