পাক বোর্ডের চরম হুঁশিয়ারি! বিশ্বকাপ বয়কট করলে কি ধ্বংস হবে পাকিস্তানের ক্রিকেট?

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়ে চরম ঝুঁকির মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে আইসিসি-র সঙ্গে হওয়া চুক্তি ভঙ্গ হবে। এর ফলে ভবিষ্যতে ‘হাইব্রিড মডেল’-এর দাবি তোলার সুযোগ হারাবে পাকিস্তান। এছাড়া, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কার মতো পাকিস্তানকেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
আর্থিক দিক থেকেও পিসিবি বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। আইসিসি থেকে প্রাপ্ত বার্ষিক ৩১৬ কোটি টাকার লভ্যাংশ হারানোর পাশাপাশি পিএসএল-এ বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হওয়ার ভয়ে এবং বড় অঙ্কের আর্থিক লোকসান এড়াতে শেষ পর্যন্ত পাকিস্তান বয়কটের পথে হাঁটবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সিদ্ধান্ত এখন সম্পূর্ণ পাকিস্তান সরকারের হাতে।