টি২০ বিশ্বকাপের পর কি গৌতম গম্ভীরের বিদায়? জল্পনা উড়িয়ে সাফ জানাল BCCI

টি২০ বিশ্বকাপের পর কি গৌতম গম্ভীরের বিদায়? জল্পনা উড়িয়ে সাফ জানাল BCCI

গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর এমন কিছু ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেট দুনিয়া, যা আগে কখনও ঘটেনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, নিজেদের মাটিতে টেস্টে সর্বনিম্ন স্কোর (৪৬), রানে নিরিখে টেস্টে সবথেকে বড় হার (৪০৮ রান) এবং ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হার— গম্ভীরের কোচিংয়ে এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে ভারতকে।

অবশ্য তাঁর কোচিংয়ে টিম ইন্ডিয়া এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো সাফল্যও পেয়েছে। কিন্তু প্রতিটি হারের পর সমালোচকরা গম্ভীরকে লক্ষ্যবস্তু বানাতে ছাড়েননি। অনেকেই তাঁকে কোচের পদ থেকে সরানোর দাবি তুলেছেন, আবার কেউ কেউ লাল বলের ক্রিকেটের জন্য আলাদা কোচের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের পর গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববে বোর্ড। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সমস্ত জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছেন।

স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীরকে নিয়ে চলা সমালোচনা প্রসঙ্গে দেবজিৎ বলেন, সাধারণ মানুষের মতামত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইয়ের দক্ষ প্রতিনিধিরা রয়েছেন। তিনি জানান, “১৪০ কোটির এই দেশে প্রত্যেকেই নিজেকে ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন। সবার নিজস্ব মতামত থাকবেই। এটি একটি গণতান্ত্রিক দেশ, এখানে কাউকে চুপ করানো যায় না। সংবাদমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ— সবাই নিজের মত দিতে স্বাধীন। প্রাক্তন ক্রিকেটার থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই জল্পনা চলছে।”

বিসিসিআই সচিব আরও যোগ করেন, “আসল সত্য হলো, বোর্ডের একটি নির্দিষ্ট ক্রিকেট কমিটি রয়েছে যেখানে প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন। তারাই যাবতীয় সিদ্ধান্ত নেন। দল নির্বাচনের জন্য আমাদের পাঁচজন যোগ্য নির্বাচক আছেন। চূড়ান্ত সিদ্ধান্ত এই কমিটি এবং নির্বাচকরাই গ্রহণ করেন।”

উল্লেখ্য, প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি একটি সাক্ষাৎকারে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত যদি ২০২৬ টি২০ বিশ্বকাপ জিততে না পারে, তবে বোর্ডের উচিত কোচ বদলের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া।

প্রসঙ্গত, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করছে। ২০টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে, যাদের ৫টি করে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *