জয় শাহর মগজাস্ত্রেই ঘায়েল পাক বোর্ড! বয়কট নাটক নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বয়কট নাটকের অবসান ঘটিয়ে ভারত-পাক মহারণ নিশ্চিত করায় আইসিসি চেয়ারম্যান জয় শাহর ভূয়সী প্রশংসা করল বিসিসিআই। বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, জয় শাহ ও অন্যান্য কর্মকর্তাদের বিচক্ষণতায় একটি ফলপ্রসূ সমাধান সম্ভব হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাক সরকার সবুজ সংকেত দেওয়ার পর বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে যে, ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্তটি আইসিসি-র অন্যতম বড় সাফল্য।
কূটনৈতিক টানাপোড়েন শেষে পাকিস্তান পিছু হটলেও এটিকে নিজেদের কূটনৈতিক জয় হিসেবে প্রচার করছে দুই দেশের বোর্ড। তবে রাজীব শুক্লার বক্তব্যে পরিষ্কার যে, জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি-র সিদ্ধান্তই এখানে চূড়ান্ত ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে আলোচনার টেবিলে এনে টুর্নামেন্ট রক্ষায় ভারতের প্রভাবশালী অবস্থানই বজায় থাকল। ফলে মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের স্নায়ুযুদ্ধে জয় শাহর মগজাস্ত্রেই প্রতিপক্ষ কার্যত কুপোকাত হলো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।