মাঠের বিতর্ক ভুলে জয়ে ফিরল পাকিস্তান: বাবরদের ব্যাটে কুপোকাত আমেরিকা

বিতর্ক কাটিয়ে মাঠের পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল পাকিস্তান। গত বিশ্বকাপে হারের ধাক্কা সামলে কলম্বোয় আমেরিকাকে ৩২ রানে হারিয়ে স্বস্তিতে ফিরলেন বাবর আজমরা। প্রথমে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের মারকুটে ৭৩ এবং বাবর আজমের ৪৬ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান তোলে পাকিস্তান। টপ অর্ডারের দাপুটে শুরুতে বড় রানের ভিত গড়ে ওঠে, যা পরবর্তী সময়ে পাক পেসারদের জয়ের পথ প্রশস্ত করে দেয়।
জবাবে রান তাড়া করতে নেমে পাক বোলিং আক্রমণের মুখে দিশেহারা দেখায় মার্কিন ব্যাটারদের। শুভম রাঞ্জানে ও সায়ান জাহাঙ্গির পাল্টা লড়াইয়ের চেষ্টা করলেও লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব হয়নি। নির্ধারিত ওভারে ১৫৮ রানেই থেমে যায় আমেরিকার ইনিংস। শাহিন আফ্রিদিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় নিশ্চিত করে পাকিস্তান। নেদারল্যান্ডস ম্যাচের জড়তা কাটিয়ে এই জয় হাইভোল্টেজ ভারত ম্যাচের আগে পাক শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।