অধিনায়ক মার্শও ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে! স্মিথের রাজকীয় প্রত্যাবর্তনে কি ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া?

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মুখেই বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া শিবির। জশ হেজলউড ও প্যাট কামিন্সের পর এবার চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক মিচেল মার্শ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় কুঁচকিতে গুরুতর চোট পান তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মার্শের সুস্থ হতে দীর্ঘ বিশ্রাম ও রিহ্যাব প্রয়োজন। মার্শের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব সামলাচ্ছেন ট্র্যাভিস হেড।
মার্শের বদলি হিসেবে অভিজ্ঞ স্টিভ স্মিথকে দলে ডেকেছে অজি নির্বাচকরা। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে মাত্র ৪১ বলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। প্রায় ৬০ গড় এবং ১৬৭ স্ট্রাইক রেট নিয়ে স্মিথের এই প্রত্যাবর্তন দলের ব্যাটিং গভীরতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিতে উড়াল দিচ্ছেন এই তারকা ব্যাটার।