কড়া শর্ত মেনে চিন্নাস্বামীতে ফিরছে আইপিএল এর উত্তেজনা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : গত জুনের মর্মান্তিক দুর্ঘটনার পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল আয়োজনের অনুমতি দিল কর্নাটক সরকার। তবে কুনহা রিপোর্টের সুপারিশ মেনে দর্শক সংখ্যা সর্বোচ্চ ৩৫ হাজারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার স্পষ্ট জানিয়েছেন যে নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং অতিরিক্ত টিকিট বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
প্রবেশপথ প্রশস্ত করা, উন্নত পার্কিং এবং পর্যাপ্ত অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা এখন বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ, স্বাস্থ্য ও দমকল বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ তদারকি কমিটির ছাড়পত্র ছাড়া কোনো ম্যাচ আয়োজন করা যাবে না। ক্রিকেটপ্রেমীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হলেও অগ্নিনির্বাপণ ও ভিড় নিয়ন্ত্রণের কড়া বিধিমালা মানতে দায়বদ্ধ থাকবে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন।