বিদেশের মাটিতে চরম লাঞ্ছনার শিকার পাকিস্তানের হকি তারকারা এবং হোটেলের বিল মেটাতে না পেরে রাস্তায় রাত কাটালেন খেলোয়াড়েরা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : এফআইএইচ প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়ার হোবার্টে গিয়ে চরম অপদস্থ হলেন পাকিস্তানের হকি খেলোয়াড়েরা। হোটেলের ভাড়া মেটাতে পাকিস্তান হকি ফেডারেশন ব্যর্থ হওয়ায় ব্যাগপত্র নিয়ে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। লাহোর থেকে দীর্ঘ সফরের পর ক্লান্ত খেলোয়াড়েরা ক্যানবেরায় পৌঁছে দেখেন, তাঁদের নামে কোনো ঘরই বুক করা নেই। পাকিস্তান স্পোর্টস বোর্ডের সাথে যোগাযোগ করতে না পেরে দীর্ঘ সময় উৎকণ্ঠায় কাটে গোটা দলের।
অবশেষে কয়েক ঘণ্টা পর কোচ তাহির জামান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে সংকটের সমাধান হয়। তবে বরাদ্দকৃত ঘরের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকায় চরম অস্বস্তিতে পড়েছেন খেলোয়াড়েরা। প্রতিটি ঘরে দুই থেকে তিনজনকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে মাঠের বাইরের এই চরম বিশৃঙ্খলা এবং আর্থিক দৈন্যদশা পাকিস্তান হকির দৈন্যদশা পুনরায় জনসমক্ষে নিয়ে এল।