ঈশানের ঝোড়ো ব্যাটিং ও হার্দিকের অলরাউন্ড নৈপুণ্যে নামিবিয়াকে উড়িয়ে দিল ভারত – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : টি২০ বিশ্বকাপে দাপট অব্যাহত রেখে নামিবিয়াকে বিশাল ব্যবধানে পরাজিত করল ভারত। ওপেনার ঈশান কিষাণের মাত্র ২৪ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস এবং হার্দিক পাণ্ডিয়ার অনবদ্য অর্ধশতরানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান তোলে মেন ইন ব্লু। অসুস্থ অভিষেক শর্মার পরিবর্তে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসনও ব্যাট হাতে দ্রুত ২২ রান করে দলের বড় স্কোরে অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ১৮.২ ওভারে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। বরুণ চক্রবর্তীর মিতব্যয়ী বোলিং ও হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স ভারতের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে। পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের আগে এই বড় জয় সূর্যকুমার যাদবের দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল। চার ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট ও বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচের সেরা হন হার্দিক।