পাক বধের ছক সাজালেন গাভাসকর আর্শদীপকে বসিয়ে তুরুপের তাস হতে পারেন এই অলরাউন্ডার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে ভারতীয় একাদশে বড় পরিবর্তনের পরামর্শ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে তিনি পেসার আর্শদীপ সিংয়ের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর পক্ষপাতী। গাভাসকরের মতে, অতিরিক্ত স্পিনার হিসেবে সুন্দর যেমন পাক ব্যাটারদের চাপে রাখতে পারবেন, তেমনই আট নম্বরে নেমে ব্যাটিংয়েও গভীরতা বাড়াবেন।
বোলিং আক্রমণের শুরুতে জসপ্রীত বুমরার সঙ্গে হার্দিক পান্ডিয়াকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন সানি। তিনি মনে করেন, পাকিস্তানের স্পিনাররা ভারতীয় ব্যাটারদের বিশেষ সমস্যায় ফেলতে পারবেন না। তবে পিচের চরিত্র বুঝে টিম ম্যানেজমেন্টকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সুন্দরের বাঁ-হাতি ব্যাটিং ও অফ-স্পিন ভারতের জন্য তুরুপের তাস হতে পারে বলে বিশ্বাস এই ক্রিকেট বিশেষজ্ঞের।