টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাক-বধ! বৃন্দা শর্মার ঝড়ে ১০ ওভারেই কুপোকাত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

কলম্বোয় আজ রাতে ভারত-বনাম পাকিস্তান হাইভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই। তার আগেই দেশের ক্রিকেট ভক্তদের উৎসবের উপলক্ষ এনে দিল ভারতের মহিলা ‘এ’ দল। ব্যাংককে অনুষ্ঠিত ‘মহিলা এশিয়া কাপ রাইজিং স্টার্স’ টুর্নামেন্টে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিল ভারত। সাইমা ঠাকুর ও রাধা যাদবদের বিষাক্ত বোলিংয়ের সামনে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
৯৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও দমে যাননি বৃন্দা শর্মা। মাত্র ২৯ বলে ১২টি চারের সাহায্যে ৫৫ রানের বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানের জয়ের স্বপ্ন চুরমার করে দেন তিনি। অনুষ্কা শর্মার (২৪) সঙ্গে তাঁর মারকুটে পার্টনারশিপ ভারতকে মাত্র ১০.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। এই দাপুটে জয়ের ফলে গ্রুপ ‘এ’-র পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত, সেই সঙ্গে সেমিফাইনালের পথও অনেকটা প্রশস্ত হলো।