পাক ব্রিগেডের চরম হার সহ্য হলো না মোহসিন নকভির! মাঠ ছেড়ে পালালেন পিসিবি প্রধান

ভারতের কাছে হার নিশ্চিত বুঝেই মাঠ ছাড়লেন মোহসিন নকভি। বাবর আজমদের ব্যাটিং বিপর্যয় এবং মাঠের লড়াইয়ে শোচনীয় আত্মসমর্পণ দেখে কার্যত ‘লজ্জায়’ খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই শীর্ষ কর্তা। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে তখন টিম ইন্ডিয়ার জয়োল্লাস চলছে, আর হারের গ্লানি এড়াতে নকভিকে দেখা গেল তড়িঘড়ি স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে।
ম্যাচের আগে ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়ে উৎসাহ দিয়েছিলেন নকভি। এমনকি ভারতের বিরুদ্ধে ম্যাচ ঘিরে নানা নাটকীয় বয়কটের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভারতের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের নিরিখে এটিই ভারতের কাছে পাকিস্তানের সবচেয়ে বড় হার। ৬১ রানের এই বিশাল ব্যবধানে পরাজয় সচক্ষে দেখার সাহস বোধহয় নকভির ছিল না। পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, পরাজয়ের লজ্জা থেকে বাঁচতেই ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। সেনাপতির মতো দলের পাশে না দাঁড়িয়ে এভাবে ‘পালিয়ে’ যাওয়া নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।