অজি শিবিরে বড় ধামাকা! চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া দল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার জশ হ্যাজেলউড। তবে অজি ভক্তদের জন্য চমক জাগানিয়া খবর হলো, হ্যাজেলউডের পরিবর্তে দলে নাটকীয়ভাবে এন্ট্রি নিলেন অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। আইসিসির টেকনিক্যাল কমিটি ইতিমধ্য়েই স্মিথের অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত দিয়ে দিয়েছে।
বোলিংয়ে ক্ষতি হলেও ব্যাটিংয়ে অভিজ্ঞতার জোর
অভিজ্ঞ জশ হ্যাজেলউডের অনুপস্থিতি অজি বোলিং লাইনআপের জন্য বড় ক্ষতি সন্দেহ নেই। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সাম্প্রতিক হারের পর অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্ট অনুভবে করছিল যে, দলের মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ঠান্ডা মাথার ব্যাটারের প্রয়োজন। স্টিভ স্মিথ শেষবার ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। দীর্ঘ দুই বছর পর ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটে তাঁর প্রত্যাবর্তনকে অস্ট্রেলিয়ার বড় কৌশলগত পরিবর্তন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
বিগ ব্যাশের ফর্মই ফেরাল স্মিথকে
স্মিথের জন্য জাতীয় দলের দরজা পুনরায় খুলে দিয়েছে বিগ ব্যাশ লিগে (BBL) তাঁর সাম্প্রতিক বিধ্বংসী পারফরম্যান্স। সিডনি সিক্সার্সের হয়ে মাত্র ৬ ম্যাচে ৫৯.৮০ গড়ে ২৯৯ রান করেছেন তিনি। যার মধ্যে ছিল মাত্র ৪১ বলে করা একটি বিধ্বংসী শতরান। স্মিথের এই টি-টোয়েন্টি সুলভ মেজাজই নির্বাচকদের বাধ্য করেছে তাঁকে পুনরায় বিবেচনায় নিতে।
অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে সুখবর
স্মিথের অন্তর্ভুক্তি ছাড়াও অজি শিবিরের জন্য আরও একটি ইতিবাচক খবর রয়েছে। জানা গেছে, চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন অধিনায়ক মিচেল মার্শ। শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, স্মিথের অভিজ্ঞতা এবং মার্শের নেতৃত্ব অস্ট্রেলিয়াকে আবারও জয়ের সরণিতে ফেরাতে পারে কি না।