রাজস্থান রয়্যালসের মালিকানা বদল! টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে দেওয়া হলো অবিশ্বাস্য প্রস্তাব

রাজস্থান রয়্যালসের মালিকানা বদল! টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে দেওয়া হলো অবিশ্বাস্য প্রস্তাব

আইপিএল দুনিয়ায় বড়সড় রদবদলের ইঙ্গিত। রাজস্থান রয়্যালস (আরআর) ফ্র্যাঞ্চাইজি খুব শীঘ্রই নতুন মালিক পেতে চলেছে, আর দায়িত্ব নিয়েই তারা মাস্টারস্ট্রোক দিতে মরিয়া। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে দলের মেন্টর, সিইও এবং অংশীদার হওয়ার লোভনীয় প্রস্তাব দিয়েছে রাজস্থান রয়্যালসের নতুন ম্যানেজমেন্ট।

সূত্রের খবর, রাজস্থান রয়্যালসের নতুন তিন মালিকের মধ্যে একজন গম্ভীরকে এই প্রস্তাব পাঠিয়েছেন। যেখানে মেন্টর ও সিইও পদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির ২-৩ শতাংশ শেয়ার বা মালিকানা দেওয়ার কথাও বলা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই প্রস্তাব গ্রহণ করা গম্ভীরের পক্ষে কার্যত আসাম্ভব।

স্বার্থের সংঘাত ও বিসিসিআইয়ের নিয়ম

সুপ্রিম কোর্টের নির্দেশ এবং লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, কোনো ব্যক্তি একই সঙ্গে ভারতীয় জাতীয় দলের কোচ এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোনো পদে থাকতে পারেন না। একে ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ বা স্বার্থের সংঘাত হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ, রাজস্থান রয়্যালসের এই আকাশছোঁয়া প্রস্তাব গ্রহণ করতে হলে গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচের পদ ছাড়তে হবে।

গম্ভীরের লক্ষ্য এখন নীল জার্সি

গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, তিনি আপাতত ভারতীয় দলের দায়িত্ব পালনে পুরোপুরি দায়বদ্ধ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ই তার প্রধান লক্ষ্য। এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ভারতীয় দলকে পদক জেতানোর স্বপ্নও দেখছেন তিনি।

কেকেআর-কে চ্যাম্পিয়ন করা এবং লখনউ সুপার জায়ান্টসকে সাফল্যের মুখ দেখানো গম্ভীরকে নিজেদের শিবিরে টানতে মরিয়া রাজস্থান। তবে দেশ না আইপিএল ফ্র্যাঞ্চাইজির বিশাল অঙ্কের চুক্তি— শেষ পর্যন্ত গম্ভীর কোন পথ বেছে নেন, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *