ভারতের হেড কোচ ছেড়ে আইপিএলে গৌতম গম্ভীর? রাজস্থান রয়্যালসের দেওয়া মেগা অফারে তোলপাড় ক্রিকেট বিশ্ব

ভারতের হেড কোচ ছেড়ে আইপিএলে গৌতম গম্ভীর? রাজস্থান রয়্যালসের দেওয়া মেগা অফারে তোলপাড় ক্রিকেট বিশ্ব

টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের সফর এখন তুঙ্গে। কিন্তু এরই মধ্যে ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে মেন্টর হিসেবে আইপিএল ট্রফি জিতিয়ে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গম্ভীর। এবার সেই আইপিএলের আঙিনা থেকেই তাঁর কাছে এসেছে এক অভাবনীয় প্রস্তাব। রাজস্থান রয়্যালস (RR) ফ্র্যাঞ্চাইজি তাদের নতুন মালিকানার অধীনে গম্ভীরকে দলে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে।

গম্ভীরের জন্য রাজস্থান রয়্যালসের ‘তিনটি’ বড় অফার

সূত্রের খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালস খুব শীঘ্রই নতুন মালিকের হাতে যেতে চলেছে। আর নতুন ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েই গম্ভীরকে তাদের শিবিরে টানতে চাইছে। জানা গেছে, গম্ভীরের জন্য কোনো একটি নয়, বরং তিনটি ভিন্ন পদের প্রস্তাব রাখা হয়েছে। নতুন মালিকপক্ষ তাঁকে দলের পার্টনার, মেন্টর এবং সিইও (CEO) হওয়ার প্রস্তাব দিয়েছেন। গম্ভীরের ক্রিকেট মস্তিষ্ক এবং আইপিএল জয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই রাজস্থান রয়্যালস আগামীর রূপরেখা তৈরি করতে চাইছে।

কেন এখনই এই প্রস্তাব গ্রহণ করা আসাম্ভব?

গম্ভীরের কাছে রাজস্থান রয়্যালসের এই প্রস্তাব লোভনীয় হলেও, আইপিএলের বর্তমান নিয়ম অনুযায়ী এটি গ্রহণ করা তাঁর পক্ষে আসাম্ভব। লোধা কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, কোনো ব্যক্তি একই সঙ্গে ভারতীয় জাতীয় দলের কোচ এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোনো পদে (মেন্টর, পার্টনার বা সিইও) থাকতে পারেন না। গম্ভীর বর্তমানে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে বর্তমান দায়িত্ব ছেড়ে আইপিএলে ফেরা আইনত সম্ভব নয়।

গম্ভীরের পরবর্তী লক্ষ্য ২০২৮ অলিম্পিক মেডেল

আইপিএলের হাতছানি থাকলেও গম্ভীরের নজর এখন অনেক দূরে। ২০২৭ সালে ভারতের হেড কোচ হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, শোনা যাচ্ছে তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ভারতীয় দলের হয়ে পদক জিততে চান। যদি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপে ভারত সাফল্য পায়, তবে বোর্ড গম্ভীরের মেয়াদ অলিম্পিক পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে ২০২৮ সালের আগে আইপিএলে গম্ভীরকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

তবে রাজস্থান রয়্যালস যদি তাদের এই মেগা অফার ২০২৮ সাল পর্যন্ত বহাল রাখে, তবে জাতীয় দলের দায়িত্ব শেষ করে ‘মেন ইন পিঙ্ক’ ব্রিগেডে যোগ দিতে পারেন গৌতম গম্ভীর। আপাতত ভারতীয় ক্রিকেট ভক্তদের নজর গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়ার সাফল্যের দিকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *