ক্যাচ ফস্কে সূর্যের ধমক, পরে হোটেলে কুলদীপকে জড়িয়ে ধরে মানভঞ্জনের চেষ্টা অধিনায়কের

পাকিস্তান ম্যাচে ক্যাচ ফসকানোর জেরে মাঠেই কুলদীপ যাদবকে কড়া শাসন করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৮তম ওভারে লং অনে সহজ সুযোগ হাতছাড়া করায় মেজাজ হারান হার্দিক পান্ডিয়া ও সূর্য দুজনেই। ম্যাচ জিতলেও ফিল্ডিংয়ে এমন গাফিলতি নিয়ে মাঠের মধ্যেই কুলদীপকে বেশ উত্তেজিত ভঙ্গিতে কিছু বলতে দেখা যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শুরু হয়।
তবে মাঠের সেই তিক্ততা হোটেলে ফিরতেই ফিকে হয়ে যায়। সূর্যকুমার যাদব নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে হোটেলের বারান্দায় কুলদীপকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। যদিও ভিডিওতে কুলদীপকে কিছুটা এড়িয়ে যেতে দেখা গেছে, তবে পুরো বিষয়টিই ছিল মজার ছলে। সতীর্থের মান ভাঙাতেই ভারত অধিনায়ক এই বিশেষ উদ্যোগ নেন।
ভিডিওর ক্যাপশনে সূর্য লিখেছেন, ‘আর রাগ করিস না ভাই’। মাঠের শাসনের পর কুলদীপের রাগ কমাতে সূর্যের এই রসিকতা ভক্তদের নজর কেড়েছে। নেটিজেনদের ধারণা, মাঠের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে যাতে কোনো বিতর্ক দানা না বাঁধে, সেজন্যই মজার ছলে এই ভিডিওটি বানিয়েছেন দুই তারকা ক্রিকেটার। দলের অভ্যন্তরীণ সুসম্পর্ক বজায় রাখতেই সূর্যের এই পদক্ষেপ।