নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার ভারতীয় বংশোদ্ভূত যুবরাজ সামরার বিশ্ব রেকর্ড

মঙ্গলবার গ্রুপ ডি-এর ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন ১৯ বছর বয়সী কানাডিয়ান-ভারতীয় ক্রিকেটার যুবরাজ সামরা। মাত্র ১৯ বছর ১৪১ দিন বয়সে ৫৮ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের আহমেদ শেহজাদের। ব্রাম্পটনে জন্মগ্রহণকারী সামরা ৬৫ বলে ১১০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি ছক্কা ও ১১টি চারের মার।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সামরা ও অধিনায়ক দিলপ্রীত বাজওয়া উদ্বোধনী জুটিতে ১১৬ রান সংগ্রহ করেন। এটি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে কোনো সহযোগী দলের সর্বোচ্চ ওপেনিং জুটি। সামরার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে কানাডা নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৩ রান তোলে। পেসার ম্যাট হেনরির এক ওভারেই তিনি ১৯ রান সংগ্রহ করে নিজের জাত চেনান।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড দাপুটে জয় তুলে নেয়। রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের জোড়া অর্ধশতকের সৌজন্যে কিউইরা মাত্র ১৫.১ ওভারে ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয়। কানাডা হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন যুবরাজ সামরা। মূলত বাবা বলজিতের অনুপ্রেরণায় ক্রিকেটে আসা এই তরুণ তুর্কি নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা ইনিংসটি উপহার দিলেন।