ভারতের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া উসমান তারিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে শোচনীয় পরাজয়ের দু’দিন পর মুখ খুললেন পাকিস্তানি অফ-স্পিনার উসমান তারিক। কলম্বোয় ভারতের বিপক্ষে ১১৪ রানে অলআউট হয়ে ৬১ রানে হারের পর পাকিস্তান এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। তবে তারিক আশাবাদী যে, বিগত ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তাঁর দল দ্রুত ঘুরে দাঁড়াবে। সমর্থকদের হতাশা অনুধাবন করে তিনি আগামীতে ভারতের বিরুদ্ধে আরও উন্নত পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়েছেন।
সুপার এইটে পৌঁছানো নিশ্চিত না হলেও তারিক এখনই হাল ছাড়তে নারাজ। তিনি সরাসরি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন। পাকিস্তান বর্তমানে নেট রানরেটে আমেরিকার নিচে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। এই মরণ-বাঁচন পরিস্থিতিতে বুধবার নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই বাবর আজমদের। এই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে।
দলের অন্দরে বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বাদ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও তারিক তাঁদের পাশেই দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট জানান, একটি ম্যাচের ব্যর্থতায় অভিজ্ঞ খেলোয়াড়দের বাতিলের খাতায় ফেলা উচিত নয়। তাঁর মতে, দলের বর্তমান লক্ষ্য হলো নামিবিয়াকে হারিয়ে মানসিকভাবে শক্তিশালী হওয়া এবং ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকা। পাকিস্তানের এই স্পিনার আত্মবিশ্বাসী যে, দলগত সংহতি বজায় থাকলে চ্যাম্পিয়ন হওয়া আসাম্ভব নয়।