অভিষেককে এবার সতর্কবার্তা পাঠালেন আমির

টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে প্রবল সমালোচনার মুখে তরুণ ওপেনার অভিষেক শর্মা। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াইয়ের আগে অভিষেককে ‘স্লগার’ বলে কটাক্ষ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। মাঠের পারফরম্যান্সে সেই সমালোচনার জবাব দেওয়ার বদলে ব্যর্থতা জারি রাখায় এবার আরও কঠোর বার্তা দিলেন আমির।
আমিরের দাবি, অভিষেকের ব্যাটিং টেকনিকে বড় ধরনের গলদ রয়েছে। বিশেষ করে অফ-স্টাম্পের বাইরের বলে তাঁর দুর্বলতা এখন প্রকাশ্য। আমির বলেন, আন্তর্জাতিক স্তরে ভালো মানের বোলাররা সবসময় ব্যাটারের দুর্বল জায়গায় আঘাত করে। অভিষেক যতক্ষণ না অফসাইডের ব্যাটিং মজবুত করছেন এবং বড় মঞ্চে সব ধরনের বল খেলার মানসিকতা তৈরি করছেন, ততক্ষণ এই সমস্যা কাটবে না। স্রেফ পছন্দের বলের অপেক্ষায় থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা কঠিন বলেও সতর্ক করেছেন এই পাকিস্তানি পেসার।