রাহুলের ব্যাটে রোশনাই: ১১ বছর পর রনজি ট্রফির ফাইনালে কর্নাটক

২০১৪-১৫ মরশুমের পর ফের রনজি জয়ের দোরগোড়ায় কর্নাটক। সেমিফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ১১ বছর পর ফাইনালে জায়গা করে নিল তারা। প্রথম ইনিংসে কেএল রাহুলের ১৪১ এবং দেবদত্ত পাড়িক্কলের দুরন্ত ২৩২ রানের সৌজন্যে ৭৩৬ রানের পাহাড় গড়ে কর্নাটক। জবাবে উত্তরাখণ্ডের প্রথম ইনিংস মাত্র ২৩৩ রানেই গুটিয়ে যায়।
দ্বিতীয় ইনিংসেও কর্নাটকের আধিপত্য বজায় ছিল। ওপেনার ক্রুতিক কৃষ্ণ ৫২ এবং স্মরণ রবিচন্দ্রন ১২৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। মিডল অর্ডারে নেমে রাহুল ৮৬ রানে অপরাজিত থাকলে দলের সংগ্রহ দাঁড়ায় ৩২৩ রান। দুই ইনিংস মিলিয়ে রাহুলের ব্যাট থেকে আসে মোট ২২৭ রান। বিশাল রানের লিড থাকায় কর্নাটকের ফাইনাল নিশ্চিত হয়ে যায়।
৮২৩ রানের আসাম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে উত্তরাখণ্ড ২৬০ রানেই থমকে গেলে ম্যাচটি ড্র হয়। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠে কর্নাটক। আগামী ২৪ ফেব্রুয়ারি খেতাবি লড়াইয়ে তারা মুখোমুখি হবে জম্মু ও কাশ্মীরের। বাংলাকে হারিয়ে ৬৭ বছরের ইতিহাসে এই প্রথমবার রনজি ট্রফির ফাইনালে পা রাখল জম্মু-কাশ্মীর।