ভারত-পাক হাই-ভোল্টেজ দ্বৈরথে আইসিসি-র রেকর্ড আয়, ভাঙল ভিউয়ারশিপের সব নজির

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া ‘বয়কট’ বিতর্কের অবসান ঘটিয়ে মাঠে নামে দুই দল। বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে টানাপড়েন শুরু হলেও, শেষ পর্যন্ত লাহোরে ম্যারাথন বৈঠকের মাধ্যমে জট কাটে। আইসিসি-র কড়া আর্থিক জরিমানার হুঁশিয়ারি ও কূটনৈতিক তৎপরতায় কলম্বোর মাঠে গড়ায় এই মহারণ।
এই হাই-ভোল্টেজ ম্যাচটি ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬৩ মিলিয়ন বা ১৬.৩ কোটি রিচ পেয়ে ইতিহাস গড়েছে। ২০২৪ সালের তুলনায় এই দর্শকসংখ্যা প্রায় ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি দুই বছর আগের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে এই লড়াই। কেবল মোবাইল নয়, টিভি এবং ডিজিটাল সব মাধ্যমেই অভাবনীয় সাড়া মিলেছে।
পরিসংখ্যান অনুযায়ী, এই ম্যাচের মোট ওয়াচটাইম ২০ বিলিয়ন মিনিটে পৌঁছেছে, যা আগের সাক্ষাতের চেয়ে ১.২ গুণ বেশি। জিওস্টারের স্পোর্টস সেলস প্রধান অনুপ গোবিন্দন জানিয়েছেন, মাঠের বাইরের বিতর্ক ম্যাচটির উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। এই বিপুল ভিউয়ারশিপ আবারও প্রমাণ করল যে ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান লড়াইয়ের গুরুত্ব ও উন্মাদনা আজও অপ্রতিদ্বন্দ্বী।