বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা, ভারতীয় ক্রিকেটে মাত্র ৪ বছরেই ভাঙল ঘরোয়া তারকার ঘর

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা, ভারতীয় ক্রিকেটে মাত্র ৪ বছরেই ভাঙল ঘরোয়া তারকার ঘর

বিশ্বজুড়ে যখন বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট মহলে বিষাদের সুর। ২২ বছর বয়সে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, কিন্তু সেই রূপকথার প্রেম মাত্র চার বছরেই ফিকে হয়ে গেল। শুক্রবার সরকারিভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা তারকা স্পিনার রাহুল চাহার।

আইপিএলের পরিচিত মুখ রাহুল চাহার ও তাঁর স্ত্রী ঈশানী জোহরের বিচ্ছেদের খবরটি সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়ায় জাঁকজমকপূর্ণ বিয়ের স্মৃতি ফিকে করে দিয়ে রাহুল নিজেই স্বীকার করে নিয়েছেন যে, খুব কম বয়সে আবেগের বশবর্তী হয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

২০২২ সালে যখন তাঁর কেরিয়ার মধ্যগগনে, তখনই সাতপাকে বাঁধা পড়েছিলেন এই লেগ-স্পিনার। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় তিক্ততা এমন পর্যায়ে পৌঁছায় যে মামলা গড়ায় আদালত পর্যন্ত। রাহুল জানিয়েছেন, গত ১৫ মাস ধরে আইনি লড়াই আর মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চাহার আক্ষেপের সুরে লিখেছেন, জীবনের মানে বোঝার আগেই ভুল করে ফেলেছিলেন। তবে এই বিচ্ছেদ তাঁকে কঠোর বাস্তব চিনিয়েছে। জাতীয় দলের নীল জার্সি গায়ে ৭টি ম্যাচে ১০টি উইকেট নেওয়া এই ক্রিকেটার এখন কেরিয়ারের দিক থেকেও কিছুটা ব্যাকফুটে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স থেকে শুরু করে পাঞ্জাব বা হায়দরাবাদের হয়ে মাঠ কাঁপানো চাহার এখন পুরনো অধ্যায় ভুলে নতুন করে মাঠে ফেরার লড়াই শুরু করতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *