ধোনি থেকে রোহিত সবাই পেছনে, বিশ্বমঞ্চে অবিশ্বাস্য ইতিহাস গড়লেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব

ধোনি থেকে রোহিত সবাই পেছনে, বিশ্বমঞ্চে অবিশ্বাস্য ইতিহাস গড়লেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব

টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ বদলে দিচ্ছেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে মাঠের চারদিকে শট খেলে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নাম আগেই কুড়িয়েছিলেন, এবার অধিনায়ক হিসেবেও ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন তিনি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের জয়ের সাথে সাথেই এক অনন্য বিশ্বরেকর্ড নিজের নামে করে নিলেন স্কাই। মহেন্দ্র সিং ধোনি কিংবা রোহিত শর্মার মতো কিংবদন্তি অধিনায়করা যা করে দেখাতে পারেননি, সূর্য সেটাই করে দেখালেন অবিশ্বাস্য দক্ষতায়।

পরিসংখ্যান বলছে, অন্তত ৪০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে জয়ের হারের নিরিখে সূর্যকুমার এখন বিশ্বের এক নম্বর ক্যাপ্টেন। নেদারল্যান্ডসকে ১৭ রানে হারানোর পর তাঁর জয়ের হার বেড়ে দাঁড়িয়েছে ৮০.৮৫ শতাংশে। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন রোহিত শর্মা (৮০.৬৫%)। ৪৭টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে ৩৮টি জয় ছিনিয়ে নিয়েছেন সূর্য, যেখানে হার মাত্র ৭টি ম্যাচে। অন্যদিকে রোহিত ৬২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় এনে দিয়েছিলেন ৫০টিতে।

সূর্যকুমারের এই জয়রথ শুরু হয়েছে ২০২৪ সালে পূর্ণসময়ের অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই। তাঁর ক্ষুরধার মস্তিষ্কের দাপটে ভারত ইতিমধ্যেই ২০২৫ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই অপরাজেয় ছন্দ বজায় রেখেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের চারটি ম্যাচের চারটিতেই জিতে অপরাজিত থেকে সুপার-৮ পর্বে পৌঁছেছে নীল ব্রিগেড।

মাঠে অত্যন্ত শান্ত মেজাজে থেকেও সঠিক সময়ে মোক্ষম চাল চালতে ওস্তাদ সূর্য। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ধোনি বা বিরাটের জমানার পর ভারতীয় ক্রিকেটে সূর্যের এই নেতৃত্ব এক নতুন স্বর্ণযুগের সূচনা করেছে। সুপার-৮ পর্বে আর মাত্র দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে ভারত। যে ফর্মে দল এগোচ্ছে, তাতে সূর্যের অধিনায়কত্বে আরও একটি বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন কোটি কোটি ভারতীয় সমর্থক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *