তালিবান প্রধান আখুন্দজাদার মৃত্যু ঘিরে তীব্র জল্পনা, পুরোদস্তুর যুদ্ধে নামল পাকিস্তান ও আফগানিস্তান

তালিবান প্রধান আখুন্দজাদার মৃত্যু ঘিরে তীব্র জল্পনা, পুরোদস্তুর যুদ্ধে নামল পাকিস্তান ও আফগানিস্তান

ইসলামাবাদ ও কাবুল

জ্বলছে ডুরান্ড লাইন। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এবার সরাসরি যুদ্ধে রূপ নিল। শুক্রবার ভোররাত থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘খোলাখুলি’ যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের নির্দেশে শুরু হয়েছে সামরিক অভিযান ‘অপারেশন গজব লিল হক’।

পাক বিমানবাহিনী রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার ও পাকতিয়ায় ভয়াবহ এয়ারস্ট্রাইক চালিয়েছে। ইসলামাবাদের দাবি, তাদের হামলায় অন্তত ২৭০ জন আফগান যোদ্ধা নিহত এবং ৪০০ জন জখম হয়েছে। পাল্টা জবাবে তালিবান বাহিনী দাবি করেছে, তারা ৫৫ জন পাকিস্তানি সেনাকে খতম করেছে এবং একটি এফ-১৬ ফাইটার জেট ধ্বংস করেছে। সীমান্ত সংলগ্ন বেশ কিছু পাক সেনা ছাউনিও এখন তালিবানদের দখলে।

আখুন্দজাদা কি নিহত?

সবচেয়ে বড় চাঞ্চল্য ছড়িয়েছে কান্দাহারে পাক বিমান হামলা নিয়ে। ইউরোপীয় একটি থিঙ্কট্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, এই হামলায় তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদার মৃত্যু হয়েছে। যদিও তালিবান বা পাকিস্তান সরকার এখনো এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। এই উত্তেজনার মধ্যেই আত্মঘাতী বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে কাবুল।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

রমজান মাসে পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একে পাকিস্তানের ‘অভ্যন্তরীণ ব্যর্থতা’ আড়াল করার চেষ্টা বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, ইরান মধ্যস্থতার প্রস্তাব দিলেও চীন ও রাশিয়া শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘ এই যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সংঘাতের নেপথ্যে

আফগানিস্তানের মাটিতে আশ্রয় নেওয়া পাকিস্তানি তালিবানদের (TTP) দমনের নামে পাকিস্তান এই হামলা শুরু করে। কিন্তু আফগান তালিবান একে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে পাল্টা আঘাত হানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অক্টোবর মাসের সংঘর্ষ বিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে দুই প্রতিবেশী দেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *