১৮৫৭-র অভিশপ্ত ইতিহাসের পুনরাবৃত্তি! বিপুল ঋণের দায়ে চিরতরে দেউলিয়া সেই ইস্ট ইন্ডিয়া কো ম্পা নি

নিউজ ডেস্ক: বণিকের মানদণ্ড থেকে রাজদণ্ড—ভারতের ইতিহাসের পরতে পরতে জড়িয়ে থাকা সেই ‘দ্য ইস্ট ইন্ডিয়া কো ম্পা নি’ ফের ইতিহাসের পাতায় বিলীন হতে চলেছে। এক সময় যে সংস্থার শাসনে কাঁপত গোটা ভারতীয় উপমহাদেশ, ঋণের ভারে জর্জরিত হয়ে সেই বিশ্বখ্যাত বাণিজ্যিক সংস্থাটি এবার দেউলিয়া ঘোষিত হলো। লন্ডনের বিলাসবহুল স্টোর থেকে ওয়েবসাইট—সবই এখন বন্ধ।
উত্থান ও পতনের ইতিহাস
১৬০০ সালে নীল, মশলা এবং চায়ের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করা এই কো ম্পা নি একসময় ভারতের ভাগ্যবিধাতা হয়ে উঠেছিল। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর ভারত ছাড়তে বাধ্য হওয়া এই সংস্থার স্বত্ব ২০১০ সালে কিনে নিয়েছিলেন ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা। লন্ডনের মেফেয়ারে দামী চা ও খাবারের সম্ভার নিয়ে নতুন করে পথ চলা শুরু করেছিল সংস্থাটি। কিন্তু ১৫ বছর কাটতে না কাটতেই ঘনিয়ে এল অন্ধকার।
ঋণের জালে অন্তিম দশা
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইস্ট ইন্ডিয়া কো ম্পা নির ঋণের পরিমাণ প্রায় ৬ কোটি ৩০ লক্ষ টাকা। এর মধ্যে ২ কোটি ৩ লক্ষ টাকা কর এবং ১ কোটি ৭১ লক্ষ টাকা কর্মীদের বেতন বাকি। বেতন না পেয়ে কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। লন্ডনের ৯৭ নিউ বন্ড স্ট্রিটের সেই বিশালাকায় স্টোর এখন জনশূন্য, ঝুলছে তালা। জায়গাটি ভাড়ায় দেওয়ার জন্য দালালদের আনাগোনা শুরু হয়েছে।
এক সময় যাদের প্রতাপে থমকে যেত সময়, আজ সময়ের আবর্তেই তারা নিঃস্ব। কয়েকশো বছরের সাম্রাজ্যবাদী ইতিহাসের চূড়ান্ত অবসান ঘটল এক চরম আর্থিক বিপর্যয়ের মধ্য দিয়ে।